ডেস্ক নিউজঃ নবম জাতীয় বেতনকাঠামোর আওতার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের কিছু ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, মূল বেতনের শতাংশের ভিত্তিতে দেওয়া এসব ভাতা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতন অনুযায়ী হিসাব করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে রবিবার (১৮ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পান, কিন্তু সেসব ভাতা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নয়, তাঁদের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে।
অর্থাৎ নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এর আওতার বাইরে থাকা ভাতাগুলো নতুন মূল বেতনের ভিত্তিতে বাড়বে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতেই এসব ভাতা দেওয়া হবে।
এর আগে দীর্ঘ ১১ বছর পর গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।
নতুন বেতনকাঠামো ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে বিদ্যমান মূল বেতনের ভিত্তিতে নতুন বেতন সমন্বয় করা হবে।
তবে নতুন প্রজ্ঞাপনের ফলে বেতনকাঠামোর আওতার বাইরে থাকা শতাংশভিত্তিক ভাতাগুলো আপাতত আগের মূল বেতনের হিসাবেই বহাল থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ রবিন মিয়া
নির্বাহী সম্পাদকঃ ইরিন তৃষ্ণা
ফোন নাম্বারঃ 01937643838
ফোন নাম্বারঃ 01772666086
Email: News@doinikalokbarta.online
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: সেকশন-৬, ব্লক-ক লেইন-১, বাড়ি - ২০/১ মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2025 All rights reserved দৈনিক আলোক বার্তা