ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি অভিযোগ তুলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ। তার অভিযোগ, ইউনাইটেডে থাকাকালে তাঁর কোচিংয়ের সময় রোনালদো তাকে ব্যক্তিগতভাবে হতাশ করেছিলেন।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন ডাচ এই কোচ।
২০২২ সালের গ্রীষ্মে এরিক টেন হাগ যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন, তখন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোও সেখানে ছিলেন। দায়িত্ব নেওয়ার আগেই রোনালদোকে নিয়ে নিজের পরিকল্পনা সাজাতে পর্তুগাল উড়ে গিয়েছিলেন টেন হ্যাগ।
এ বিষয়ে তিনি বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমি রোনালদোকে অনেক শ্রদ্ধা করতাম। কিন্তু ম্যানেজার হিসেবে আমাকে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়েছিল।
২০২২ সালের অক্টোবরে টটেনহ্যামের বিপক্ষে বদলি হিসেবে নামতে অস্বীকৃতি জানানোয় চেলসির বিপক্ষে ম্যাচে রোনালদোকে স্কোয়াডের বাইরে রাখেন টেন হ্যাগ। এরপর নভেম্বরে বিস্ফোরক এক সাক্ষাৎকারে রোনালদো জানান, তিনি ক্লাব কর্তৃক প্রতারিত বোধ করছেন। এমনকি কোচ টেন হ্যাগকে তিনি সম্মান করেন না। এরপর পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই ইউনাইটেড ছাড়েন রোনালদো।
২০২১ সালে ওলে গুনার সোলশারের অধীনে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ৩৬ বছর বয়সী রোনালদো। তবে টেন হ্যাগের অধীনে ২০২২-২৩ মৌসুমে ১৬ ম্যাচে মাত্র ৩টি গোল করতে সক্ষম হন তিনি।
রোনালদোর ফিটনেস ও পরিশ্রম নিয়ে টেন হ্যাগ বলেন, তাকে দিয়ে অতিরিক্ত প্রেসিং করানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। কিন্তু সে কোথাও ঠিকমতো দৌড়াত না। কারণ, সে নিজের সঠিক প্রস্তুতি নেয়নি। প্রতিটি শীর্ষ দলই বড় তারকাকে লুফে নেয়। কিন্তু সেই তারকাকে দলের জন্য পরিশ্রম করতে হবে।
সাক্ষাৎকারে টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে তার তিন বছরের কার্যকাল নিয়ে নানা আক্ষেপের কথাও প্রকাশ করেন। তিনি জানান, ক্লাবে যোগ দেওয়ার পর তিনি ফ্রেঙ্কি ডি ইয়ং, হ্যারি কেইন এবং ডেকান রাইসের মতো খেলোয়াড়দের সই করাতে চেয়েছিলেন। এছাড়া, ২০২৪ সালের আগস্টে স্কট ম্যাকটমিনেকে নাপোলিতে বিক্রির সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন তিনি।
গোল স্কোরিংয়ের সমস্যাকে ইউনাইটেডে নিজের তিন বছরের সবচেয়ে বড় সংকট হিসেবে উল্লেখ করে টেন হ্যাগ বলেন, প্রথম মৌসুমেই আমি বলেছিলাম, আমাদের সেন্টার-হাফ, সেন্ট্রাল-মিডফিল্ডে সমস্যা রয়েছে এবং বিশেষ করে আমাদের একজন ট্যাক্টিশিয়ান ও গোলের জন্য খেলোয়াড় দরকার।
উল্লেখ্য, ২০২৩ সালে কারাবাও কাপ এবং ২০২৪ সালে এফএ কাপ জেতানো এরিক টেন হ্যাগকে ২০২৪ সালের অক্টোবরে বরখাস্ত করে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, সম্প্রতি আন্তর্জাতিক ক্যাম্প ছেড়ে যাওয়ার দায়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ৩০ দিনের স্থগিতাদেশ ও ২৫৫ ইউরো জরিমানার মুখোমুখি হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ রবিন মিয়া
নির্বাহী সম্পাদকঃ ইরিন তৃষ্ণা
ফোন নাম্বারঃ 01937643838
ফোন নাম্বারঃ 01772666086
Email: News@doinikalokbarta.online
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: সেকশন-৬, ব্লক-ক লেইন-১, বাড়ি - ২০/১ মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2025 All rights reserved দৈনিক আলোক বার্তা