ডেস্ক নিউজ : বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় এক মাদ্রাসাছাত্র ও এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া (বর্তমানে হেডম্যান পাড়া) এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হেডম্যান পাড়ায় যাওয়ার পথে বজ্রপাতে আক্রান্ত হন মং প্রু মারমা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত ছিলেন। তার মায়ের নাম মাবু মারমানি।
অন্যদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু সজিব। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিব বড়ছনখোলা তালিবুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার মায়ের নাম বেবী আক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই জামিল আহমেদ। এক দিনে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ রবিন মিয়া
নির্বাহী সম্পাদকঃ ইরিন তৃষ্ণা
ফোন নাম্বারঃ 01937643838
ফোন নাম্বারঃ 01772666086
Email: News@doinikalokbarta.online
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: সেকশন-৬, ব্লক-ক লেইন-১, বাড়ি - ২০/১ মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2025 All rights reserved দৈনিক আলোক বার্তা