
ডেঙ্গু ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুসংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। তাদের প্রত্যেকেই নারী। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৫২ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনের।
