ক্রীড়া ডেস্কঃ ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। বিশ্বকাপের ম্যাচ দেখতে টিকিট নিবন্ধনের সময় শেষ হতে তিন সপ্তাহের কম সময় বাকি। এর মধ্যে টিকিটের চাহিদা বেড়েই চলেছে।

বিশ্বকাপের ম্যাচ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত ১২ কোটির বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে। সোমবার (২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে আইসিসি।

১৪ দল নিয়ে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি জানিয়েছে, ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত–পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে ফাইনালকেও।

ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। জোহানেসবার্গের এই একই স্টেডিয়ামে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।

আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের এই ব্যালট উইন্ডো খোলা থাকবে। এরই মধ্যে ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের জন্য আবেদন করেছেন। এ ছাড়া ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচ নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে প্রমাণ হয় যে টিকিটের চাহিদা কেবল হাই-প্রোফাইল ম্যাচগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই।

টিকিট নিবন্ধনে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এ ছাড়া আফ্রিকান মহাদেশ থেকে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে।

দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য ১০ কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলোর জন্য টিকিটের আবেদন জমা পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতে মোট টিকিটের আবেদন ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলসে ‘মোসি-ওআ-তুনিয়া’ নামে নতুন স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে–ভারত ম্যাচের জন্য ৩৩ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

অন্যদিকে, নামিবিয়ার উইন্ডোহকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া ছয়টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগামী ৮ অক্টোবর ইংল্যান্ড–বাংলাদেশ ম্যাচে প্রায় ৯ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে।

আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা বলেন, ‘আইসিসি ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রতি মানুষের সাড়া সত্যিই অভূতপূর্ব। চাহিদার এই উচ্চপর্যায়ই টুর্নামেন্টটির বৈশ্বিক আকর্ষণ এবং ২৪ বছর পর আফ্রিকান মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে।’

টিকিটের জন্য নিবন্ধন করতে এবং tickets.cricketworldcup.com ঠিকানায় গিয়ে পছন্দের ম্যাচ বেছে নিতে পারবেন দর্শক। যেসব দর্শক এই ব্যালট উইন্ডোর মধ্যে নিবন্ধন করবেন না, ব্যালট বন্ধ হয়ে যাওয়ার পর তারা এর মাধ্যমে টিকিট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *