
পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানে অধ্যয়নরত বাংলাদেশি মাদরাসা শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় করাচির হোটেল পার্ল কন্টিনেন্টালে শিক্ষার্থীদের প্রতিনিধি মুফতি মুহাম্মদ উবাদাহ কাসেমী স্পিকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় পাকিস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের বিষয় তুলে ধরে স্পিকারের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। এতে শিক্ষার্থীদের ভিসা এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধির আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে অধ্যয়নরত অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভিসা নবায়নের জন্য আবেদন করেও এখনো অনুমোদন পাননি। বৈধ ভিসা ছাড়া মাদরাসা কর্তৃপক্ষ আগামী শিক্ষাবর্ষে তাঁদের ভর্তি করতে পারবে না। ফলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় বিষয়টি পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান শিক্ষার্থীরা।
স্পিকার শিক্ষার্থীদের কথা শোনেন এবং তাঁদের জন্য দোয়া করেন। পাশাপাশি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
উল্লেখ্য, পাকিস্তানের বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধি মুফতি মুহাম্মদ উবাদাহ কাসেমী করাচির জামিয়াতুল উলূম আল ইসলামিয়া, আল্লামা মুহাম্মদ ইউসুফ বিন্নুরী টাউনে তাখাসসুস ফিল ফিকহ বিভাগে অধ্যয়নরত। তিনি মাওলানা শফিকুল ইসলাম আল মাদানীর ছেলে।



