বন্দরনগরী চট্টগ্রামে চার স্থানে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে শুরু হয় প্রতিমা বিসর্জন।

হাজার হাজার ভক্ত অনুরাগী দেবী দুর্গাকে বিদায় জানাতে ভিড় করেন সৈকত এলাকায়। বিসর্জনকে কেন্দ্র করে পতেঙ্গা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, বুধবার দুপুরের পর নগরীর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জন স্থলে যেতে শুরু করেন দেবী দুর্গার ভক্তরা। বিকাল ৩টায় প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পতেঙ্গা ছাড়াও নগরীর ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাট, কালুরঘাট ও উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এছাড়া জেলার ১৫ উপজেলায় স্থানীয় নদ-নদী, সমুদ্র উপকূল ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা। এর মধ্যে দিয়ে চট্টগ্রামে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো।

পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ আলী বলেন, ‘নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সাগরে প্রতিমা বিসর্জনের জন্য সৈকত ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন দিয়ে তাদের উৎসব শেষ করেছেন।’

By Nasim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *