ডেস্ক নিউজ : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরের (সাবেক গণভবন) সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।

তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় চড়ে এসে জুলাই জাদুঘরের সামনে ককটেলটির বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ১৪ অক্টোবর একই এলাকায় জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। সে সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থেকে যায়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।

গত অক্টোবরের ওই হামলায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক স্প্লিন্টারের আঘাতে আহত হন। ঘটনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *