খেলাধুলা ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সাদিয়া ইসলামদের। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান করে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার ফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত কেউই রানের খাতা খুলতে পারেননি। শূন্য রানে ফেরেন দুজনই। শিরিনা খাতুন করেন ৬ রান।

চাপের মুখে চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক সাদিয়া ইসলাম। এরপর সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের আশা জাগে বাংলাদেশের শিবিরে। তবে শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি দলটি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সাদিয়া ইসলাম। ৩৫ বলের ইনিংসটি সাজান তিনটি চার ও একটি ছক্কায়। সাদিয়া আক্তার ২২ বলে করেন ৩৫ রান। নিশিতা আক্তার নিশির ব্যাট থেকে আসে ৩৫ রান। এ ছাড়া ফারজানা ১১, বিবি আয়েশা ৩ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।

এর আগে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। উমায়াঙ্গানা পেইরিস করেন ২৮ রান। এ ছাড়া বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ ও মেথসারা ১ রান করেন। শাসিনি গিমানি রানের খাতা খুলতে পারেননি।

শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে শিরোপা উৎসব করে শ্রীলঙ্কা। অল্পের জন্য শিরোপা হাতছাড়া হলেও ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা।

By Moon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *