নিজেস্ব প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) এদিপ বিল্লাহর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়ন বাণিজ্য এবং বন্ড সুবিধার ফাইল ইচ্ছাকৃতভাবে আটকে রেখে ব্যবসায়ীদের জিম্মি করার গুরুতর অভিযোগ উঠেছে। দেশের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগের বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী, এদিপ বিল্লাহ কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এ কর্মরত থাকাকালীন সেখানে একটি প্রভাবশালী বলয় গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, ওই দপ্তরে দায়িত্ব পালনকালে তিনি একাধিক অধস্তন রাজস্ব কর্মকর্তাকে নিজের আস্থাভাজন হিসেবে ব্যবহার করতেন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বন্ডেড ওয়্যারহাউজ থেকে অনৈতিক আর্থিক লেনদেন ও ঘুষের অর্থ সংগ্রহের নেটওয়ার্ক তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রচ্ছায়ায় পরিচালিত হতো।

অভিযোগের বিবরণে আরও উঠে এসেছে, ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে আর্থিক অনিয়মের বিষয়টি জানাজানি হলে প্রশাসনিক কারণে এক অধস্তন কর্মকর্তাকে ঢাকা থেকে রাজশাহী ভ্যাট কমিশনারেট কার্যালয়ে বদলি করা হয়। কিন্তু বদলির মাত্র ছয় মাসের মাথায় এদিপ বিল্লাহর বিশেষ প্রশাসনিক হস্তক্ষেপে তাঁকে পুনরায় এনবিআরের মূল কার্যালয়ে ফিরিয়ে আনা হয়। প্রশাসনিক মহলে এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, শাস্তিমূলক বদলির এত অল্প সময়ের মধ্যে ওই কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে ফিরিয়ে আনার পেছনে দাপ্তরিক প্রয়োজনের চেয়ে ব্যক্তিগত স্বার্থ ও ঘুষ-বদলি বাণিজ্যের নেটওয়ার্ক সচল রাখার উদ্দেশ্যই প্রধান ছিল।

দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য শুল্কমুক্ত বন্ড সুবিধা অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। অভিযোগ উঠেছে, ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে দায়িত্ব পালনকালে এদিপ বিল্লাহর নেতৃত্বাধীন চক্র এ বন্ড সুবিধাকেই অর্থ আদায়ের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বন্ড লাইসেন্স নবায়ন, শুল্কমুক্ত কাঁচামাল আমদানির ছাড়পত্র প্রদান এবং বিভিন্ন রুটিন প্রশাসনিক অনুমোদনের ফাইল কৃত্রিমভাবে আটকে রেখে ব্যবসায়ীদের ওপর মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করা হতো বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, অনৈতিক আর্থিক দাবি পূরণ না করলে আইনি মারপ্যাঁচ ও প্রশাসনিক অজুহাতে ফাইল নিষ্পত্তিতে ইচ্ছাকৃত বিলম্ব ঘটানো হতো। এতে আমদানিকৃত কাঁচামাল সময়মতো খালাস করতে না পেরে অনেক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ও বৈদেশিক ক্রয়াদেশ বাস্তবায়নে বিপর্যয় নেমে আসত। প্রকাশিত প্রতিবেদনে ‘সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড (ইউনিট-১ গার্মেন্টস)’ ও ‘রুপা প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড’-এর নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, কাস্টমস ও বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনের নামে মাত্র দুই বছরের ব্যবধানে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বন্ড বাণিজ্য ও বদলি সিন্ডিকেটের মাধ্যমে সংগৃহীত বিপুল অর্থের একটি বড় অংশ এদিপ বিল্লাহর সিন্ডিকেটের মাধ্যমে লেনদেন হতো। সরাসরি নিজের নামে লেনদেনের ঝুঁকি এড়াতে তিনি বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন এবং সেই অর্থে নামে-বেনামে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এদিপ বিল্লাহর বিরুদ্ধে একাধিক বিবাহ এবং বহু নারীতে আসক্তির প্রমাণ রয়েছে। নগদ টাকা সরাসরি নিজে না নিলেও সহকারী রাজস্ব কর্মকর্তা ইরফান আলীর মাধ্যমে অনেক টাকা গ্রহণ করেছেন বলে দাবি করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে বিমান টিকিট, হোটেল ভাড়া, বাসার বাজার ও ফার্নিচার নেওয়ারও অনেক অভিযোগ ও প্রমাণ সংশ্লিষ্টদের হাতে রয়েছে বলে জানানো হয়েছে। এসব অভিযোগ সময়মতো প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এনবিআরের মতো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় প্রশাসনিক ও ব্যবসায়িক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ ও রাজস্ব বিশ্লেষকদের মতে, বন্ড সুবিধার অপব্যবহার ও বদলি বাণিজ্যের অভিযোগ সত্য হলে তা দেশের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন ও বিনিয়োগ পরিবেশের জন্য বড় হুমকি। এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও এনবিআরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁদের মতে, তাঁর দায়িত্বকালীন বন্ড ফাইল নিষ্পত্তির সময়কাল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রদানের নথি, বিতর্কিত বদলি আদেশের প্রক্রিয়া এবং তাঁর ও পরিবারের সদস্যদের আয়কর নথি ও ব্যাংক হিসাব যাচাই করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

অন্যদিকে, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রতিবেদন প্রকাশের পর একটি পক্ষ থেকে এর তীব্র বিরোধিতাও করা হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করেছেন, এদিপ বিল্লাহ একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। এনবিআরের অভ্যন্তরীণ প্রশাসনিক রদবদল ও সংস্কারমূলক কার্যক্রমের জেরে স্বার্থান্বেষী একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও পাল্টা মত পাওয়া গেছে।

By Nasim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *