শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে আজও রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন বলেও জানা গেছে ।

 

সোমবার (০২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পোশাকশ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন।

 

তবে তারা আবারও বসার চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলমান রয়েছে।

 

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিলেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

 

এদিকে একই দাবিতে গাজীপুরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

 

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।

 

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরইমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন।

By Nasim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *