নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের করাচির বেলুচ কলোনি এলাকায় ছয়তলা একটি ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার নির্মাণাধীন ছয়তলা ভবনটি ধসে পড়ে। আবাসিক ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হন অন্তত ১৪ জন।

পরে বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে একজনের, শুক্রবার চারজনের এবং শনিবার আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার দিবাগত রাতে আরও দুটি মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এতে ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে।

রোববার সকালে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর এক মুখপাত্র জানান, রাতের অভিযানে উদ্ধার করা দুটি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ থাকায় তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ও বোল্ট কাটার ব্যবহার করে ভবনের রড কেটে ধ্বংসস্তূপ সরাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সতর্কতার সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে শুক্রবার ভবনধসের দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ২৮ বছর বয়সী মুহাম্মদ আদিল নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

By Moon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *