আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক হামলা হলে নাগরিকদের কী করণীয়, সে বিষয়ে সতর্কতামূলক নির্দেশিকা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় দূষণ থেকে নিজেকে রক্ষা করা এবং প্রাথমিকভাবে নিরাপদ আশ্রয় নেওয়াসহ পাঁচটি মূল সুরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে ওই নির্দেশনায়।

টেলিভিশনে প্রচারিত নির্দেশিকায় বলা হয়েছে, বিস্ফোরণের সময় বা তার পরে কোথায় আশ্রয় নিতে হবে, কীভাবে ত্বক পরিষ্কার রাখতে হবে এবং কেন ২৪ ঘণ্টা পার হওয়ার পরও তড়িঘড়ি করে বাইরে যাওয়া উচিত নয়। নাগরিকদের জন্য দেওয়া ৫টি নির্দেশনা হলো—

১. বিস্ফোরণের আলোর দিকে না তাকানো এবং আশ্রয় নেওয়া: পারমাণবিক বিস্ফোরণের সময় সৃষ্ট তীব্র আলোর দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে। এ সময় নাগরিকদের অবিলম্বে কোনো শক্ত দেয়াল বা বাধার পেছনে আশ্রয় নিতে বলা হয়েছে। বিস্ফোরণের ঢেউ বা ব্লাস্ট ওয়েভ পার না হওয়া পর্যন্ত উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে।

২. বিস্ফোরণের পরপরই সবচেয়ে কাছের ভবনে প্রবেশ করা: ব্লাস্ট ওয়েভ চলে যাওয়ার পর নাগরিকদের সবচেয়ে কাছের ভবনে প্রবেশ করতে হবে এবং জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। ঘটনার পর ছবি তোলা বা দেখার জন্য বাইরে থাকা থেকে বিরত থাকার পাশাপাশি গাড়িকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার না করতে বলা হয়েছে।

৩. তেজস্ক্রিয় কণা দূর করতে ত্বক পরিষ্কার করা: যারা তেজস্ক্রিয় ধুলার সংস্পর্শে এসেছেন, তাদের উন্মুক্ত ত্বক কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কন্ডিশনারযুক্ত শ্যাম্পু ব্যবহার না করতে বলা হয়েছে। যদি গোসল করা সম্ভব না হয়, তবে পানি বা ভেজা কাপড় (ওয়েট ওয়াইপস) দিয়ে মুখ, হাত এবং অন্যান্য খোলা অংশ পরিষ্কার করতে হবে।

৪. অন্তত ২৪ ঘণ্টা ঘরের ভেতরে আশ্রয় নেওয়া: পারমাণবিক বিস্ফোরণের পর অন্তত ২৪ ঘণ্টা ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার সুপারিশ করা হয়েছে। এই সময়ে শুধু বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৫. স্থান ত্যাগের আগে সরকারি নির্দেশনা মেনে চলা: ২৪ ঘণ্টা পার হলেই চারপাশ নিরাপদ বলে ধরে না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বিষয়ে তথ্য পেতে নাগরিকদের অবশ্যই সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার অনুসরণ করতে হবে। যদি ভবনের ভেতর আগুন লেগে যায় বা ভবন ধসে পড়ার আশঙ্কা থাকে, তবেই শুধু নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া উচিত।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর উভয় পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে যায়। এরপর থেমে থেমে উভয় পক্ষ হামলা পাল্টা-হামলা চালিয়েছে। সর্বশেষ গতকাল রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই রাষ্ট্রীয় টেলিভিশনে এই পারমাণবিক সতর্কতা প্রচার করল তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *