ক্রীড়া ডেস্ক : নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ কমিটি করা হয়েছে। এর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। ওই সময়ে তিনি বোর্ডের নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এ ছাড়া একজন সাবেক ক্রিকেটারকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে তার নাম এখনো চূড়ান্ত হয়নি।

কমিটিতে বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত এড়ানোর সুযোগ থাকবে বলে মনে করা হচ্ছে।

এ উদ্যোগের বিষয়ে নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।’

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ অবশ্য আগেও উঠেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এর আগে টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *